শাহজালাল বিমানবন্দরে সব এয়ারসাইড যানবাহনে ভিটিএস বাধ্যতামূলক, ৭ ডিসেম্বরের মধ্যে স্থাপনের নির্দেশ

শীতের কুয়াশায় নিরাপত্তা বাড়াতে বেবিচকের কঠোর উদ্যোগ, তৃতীয় টার্মিনাল চালুর আগে নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার

শাহজালাল বিমানবন্দরে সব এয়ারসাইড যানবাহনে ভিটিএস বাধ্যতামূলক, ৭ ডিসেম্বরের মধ্যে স্থাপনের নির্দেশ
ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে, ট্যাক্সিওয়ে ও এপ্রোনসহ পুরো এয়ারসাইড এলাকায় চলাচলকারী সরকারি ও বেসরকারি সব ধরনের যানবাহনে ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম বা ভিটিএস স্থাপনের নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আগামী ৭ ডিসেম্বরের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও অপারেটরদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

বেবিচক সূত্রে জানা গেছে, বিমানবন্দরের সংবেদনশীল এলাকায় উড়োজাহাজের নিরাপত্তা নিশ্চিত করা এবং চলাচলকারী যানবাহনের অবস্থান, গতি ও গতিপথ সঠিকভাবে পর্যবেক্ষণ করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে শীত মৌসুমে ঘন কুয়াশায় এয়ারসাইড এলাকায় দৃশ্যমানতা কমে যায়। এ সময় রাডারে উড়োজাহাজ শনাক্ত করা গেলেও যানবাহনের অবস্থান ও চলাচল নিয়ন্ত্রণে সীমাবদ্ধতা দেখা দেয়। ফলে কোনো যানবাহন নির্ধারিত পথ থেকে সরে গেলে বা অননুমোদিত এলাকায় প্রবেশ করলে তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয় না। এ ঝুঁকি কমাতে ভিটিএস স্থাপনকে জরুরি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

পর্যটন সংবাদে বিজ্ঞাপন দিন — আপনার ব্যবসার খবর পৌঁছে দিন লাখো পাঠকের কাছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (এটিএম) এবং এয়ার ট্রাফিক ম্যানেজমেন্টের প্রধান এয়ার কমডোর মো. নূর-ই-আলম জানিয়েছেন, বিষয়টি নিয়ে বেবিচক সদর দপ্তরে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে সংশ্লিষ্ট এয়ারলাইনসসহ অন্যান্য প্রতিষ্ঠানকে তাদের এয়ারসাইডে ব্যবহৃত যানবাহনে ভিটিএস স্থাপনের নির্দেশ দেওয়া হয়। বেবিচকের নিজস্ব যানবাহনগুলোতেও একই ব্যবস্থা স্থাপন করা হচ্ছে। ইতোমধ্যে বেবিচকের প্রায় ৮০টি গাড়িতে ভিটিএস বসানো হয়েছে। ইউএস-বাংলাসহ কয়েকটি বেসরকারি এয়ারলাইনসও তাদের কিছু যানবাহনে এ প্রযুক্তি ব্যবহার শুরু করেছে। বাকি সব যানবাহনে ৭ ডিসেম্বরের মধ্যে স্থাপন সম্পন্ন করতে হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ নির্দেশনা শুধু এয়ারলাইনস নয়, গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠান, কার্গো অপারেটর, ক্যাটারিং সেবা প্রদানকারী সংস্থা এবং বিমানবন্দরের বিভিন্ন বিভাগের যানবাহনের জন্যও প্রযোজ্য। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় বেবিচক ইতোমধ্যে দ্বিতীয় দফায় চিঠি দিয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেছে। ভিটিএস চালু হলে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে অনুমোদিত সব যানবাহনের অবস্থান, গতি ও চলাচলের পথ রিয়েল টাইমে পর্যবেক্ষণ করা যাবে। কোনো যানবাহন নির্ধারিত রুট থেকে বিচ্যুত হলে বা নিষিদ্ধ এলাকায় ঢুকে পড়লে তাৎক্ষণিক সতর্কবার্তা পাওয়া যাবে। বর্তমানে এ ব্যবস্থা পুরোপুরি কার্যকর না থাকায় পর্যবেক্ষণে সীমাবদ্ধতা রয়েছে।

এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, রানওয়ে, ট্যাক্সিওয়ে ও এপ্রোনের মতো অত্যন্ত সংবেদনশীল এলাকায় চলাচলকারী প্রতিটি যানবাহনকে প্রযুক্তিনির্ভর নজরদারির আওতায় আনা এখন সময়ের দাবি। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও)-এর নিরাপত্তা মানদণ্ড অনুযায়ী আধুনিক বিমানবন্দরে এ ধরনের ব্যবস্থা অপরিহার্য। গ্রাউন্ড সাপোর্ট যানবাহনের সংখ্যা ক্রমেই বাড়ছে। সেই সঙ্গে ঝুঁকিও বাড়ছে। তাই যানবাহনের অবস্থান তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করতে না পারলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়।

এদিকে সিএনএস-এটিএম ব্যবস্থার আওতায় এয়ারসাইড ও এপ্রোন এলাকার যানবাহনকে কেন্দ্রীয় পর্যবেক্ষণ ব্যবস্থার সঙ্গে যুক্ত করার কাজ চলমান রয়েছে। এ ব্যবস্থা পুরোপুরি চালু হলে যানবাহনের অবস্থান ও গতিবিধি নিয়ন্ত্রণকক্ষে সরাসরি দেখা যাবে এবং কোনো বিচ্যুতি ঘটলে সতর্কবার্তা দেওয়ার ব্যবস্থা থাকবে।

উল্লেখযোগ্য বিষয় হলো, আগামী ১৬ ডিসেম্বর থেকে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল থেকে আংশিকভাবে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। প্রাথমিক পর্যায়ে দুটি আগমন ও দুটি বহির্গমন ফ্লাইট দিয়ে কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে। এ পরিস্থিতিতে এয়ারসাইডে চলাচলকারী যানবাহনের নিরাপত্তা ও নিয়ন্ত্রণ আরও কঠোরভাবে নিশ্চিত করার প্রয়োজনীয়তা বেড়েছে। বেবিচক কর্মকর্তারা মনে করছেন, তৃতীয় টার্মিনাল চালুর আগে ভিটিএস ব্যবস্থা পুরোপুরি কার্যকর করা গেলে বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে।
বিমানবন্দর কর্তৃপক্ষের এ উদ্যোগকে এভিয়েশন খাতের অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন।

তারা বলছেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে দুর্ঘটনার ঝুঁকি কমানো সম্ভব। একই সঙ্গে আন্তর্জাতিক মান বজায় রাখতেও এ ধরনের পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে নির্ধারিত সময়সীমার মধ্যে সব প্রতিষ্ঠানকে নির্দেশনা বাস্তবায়ন করতে হবে, অন্যথায় আইনি জটিলতায় পড়তে হতে পারে।

শাহজালাল বিমানবন্দর দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর। এখানকার নিরাপত্তা ব্যবস্থা শুধু যাত্রীদের জন্য নয়, সার্বিক এভিয়েশন খাতের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিটিএস স্থাপনের এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে এয়ারসাইড এলাকায় যানবাহন চলাচল আরও সুশৃঙ্খল ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে।

সম্পর্কিত সংবাদ

বিমানবন্দরে পাখি আঘাত রোধে আধুনিক প্রযুক্তি মোতায়েনের নির্দেশ মন্ত্রীর

বিমানবন্দরে পাখি আঘাত রোধে আধুনিক প্রযুক্তি মোতায়েনের নির্দেশ মন্ত্রীর

বন্যপ্রাণী ঝুঁকি কমাতে সিএএবিকে আধুনিক পাখি নিয়ন্ত্রণ ইউনিট স্থাপন, সরঞ্জাম সংগ্রহ ও জনবল নিয়োগ ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিম…

২০২৮ সালের ফেব্রুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে হযরত শাহজালালের তৃতীয় টার্মিনাল: মন্ত্রী মিল্লাত

২০২৮ সালের ফেব্রুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে হযরত শাহজালালের তৃতীয় টার্মিনাল: মন্ত্রী মিল্লাত

বিজয় দিবসে সীমিত পরিসরে উদ্বোধন, জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে ছাড়পত্র চুক্তি স্বাক্ষরের পর পর্যায়ক্রমে পরিচালনা বাড়ানোর পরিকল্পনা ঘোষণা

মুহাম্মদ শফিকুল আশরাফ
হাটহাজারীর পরিত্যক্ত বিমানবন্দর: দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিচিহ্ন এখন পর্যটন সম্ভাবনার নতুন দ্বার

হাটহাজারীর পরিত্যক্ত বিমানবন্দর: দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিচিহ্ন এখন পর্যটন সম্ভাবনার নতুন দ্বার

৩৭ একর জমির ওপর নির্মিত ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ ও পরিকল্পিত উন্নয়ন হলে স্থানীয় অর্থনীতি ও ইতিহাসচেতনায় নতুন গতি আসতে পারে

নাদিয়া আক্তার