ভারতীয় নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশ সুবিধা বন্ধ করতে যাচ্ছে মালয়েশিয়া। আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ভারতীয় পাসপোর্টধারীদের দেশটিতে প্রবেশের আগে বাধ্যতামূলকভাবে ভিসা নিতে হবে। মালয়েশিয়ার অভিবাসন দপ্তর (জেআইএম) এ সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৭ নভেম্বর জারি করা বিজ্ঞপ্তিতে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ভারতীয় নাগরিকদের জন্য বিদ্যমান ভিসামুক্ত প্রবেশ সুবিধা আর কার্যকর থাকবে না। সরকারি সিদ্ধান্তে নতুন কোনো পরিবর্তন না এলে ভারতীয় পাসপোর্টধারীদের মালয়েশিয়া ভ্রমণের আগে বৈধ ভিসা সংগ্রহ করতে হবে। বর্তমানে ভারতীয় নাগরিকরা পর্যটন, ব্যবসা, সামাজিক কার্যক্রম ও ট্রানজিটের উদ্দেশ্যে সর্বোচ্চ ৩০ দিন ভিসা ছাড়াই দেশটিতে প্রবেশের সুযোগ পেয়ে থাকেন।
নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে ভিসা আবেদন প্রক্রিয়াও চালু করতে যাচ্ছে দেশটির কর্তৃপক্ষ। আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে মালয়েশিয়ার MyVISA অনলাইন পোর্টালের মাধ্যমে ভিসার আবেদন করা যাবে। ভিসার জন্য আবেদনকারীদের কমপক্ষে ছয় মাসের মেয়াদ থাকা পাসপোর্ট, ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র এবং অবস্থানকালীন ব্যয় বহনের আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে।
ভিসামুক্ত প্রবেশ সুবিধার অপব্যবহার ঠেকাতেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে। কুয়ালালামপুরে অবস্থিত ভারতীয় হাইকমিশন এর আগেই ভারতীয় নাগরিকদের চাকরি খোঁজার উদ্দেশ্যে ৩০ দিনের ভিসামুক্ত সুবিধা ব্যবহার না করার পরামর্শ দিয়েছিল। হাইকমিশনের পর্যবেক্ষণে, এই সুবিধা ব্যবহার করে মালয়েশিয়ায় চাকরি খুঁজতে আসা ভারতীয়দের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া দেশটিতে অবস্থান করলে ভিসার মেয়াদ শেষে অবৈধভাবে অবস্থানকারী হিসেবে গণ্য হওয়ার ঝুঁকি রয়েছে বলেও সতর্ক করা হয়।
এদিকে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ বিদেশি ভ্রমণকারীদের পুরো ভ্রমণকালীন চিকিৎসা বীমা রাখার পরামর্শ দিয়েছে। দেশটিতে অবস্থানরত বিদেশিদের চিকিৎসাসেবা গ্রহণের যাবতীয় ব্যয় নিজেকেই বহন করতে হবে। ভিসা আবেদনের সহায়ক নথি হিসেবে MyTripPass প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করা ভ্রমণ বীমার সনদ ব্যবহারের কথাও উল্লেখ করা হয়েছে।
ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন সময়সীমাও চালু করেছে মালয়েশিয়া। গত ১ অক্টোবর থেকে কোনো ভিসা আবেদন সাত কার্যদিবসের বেশি সময় ‘নতুন আবেদন’ অথবা ‘পেমেন্ট বিচারাধীন’ অবস্থায় থাকলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এই নিয়ম ১ সেপ্টেম্বর ২০২৬-এর আগে জমা দেওয়া আবেদনগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য। আবেদন বাতিল হলে ভ্রমণকারীদের হালনাগাদ ফরম ব্যবহার করে নতুন করে আবেদন করতে হবে। আবেদন বাতিল, ভ্রমণ পরিকল্পনা পরিবর্তন কিংবা অন্য কোনো কারণে ভিসা ফি ফেরত দেওয়া হবে না।
মালয়েশিয়ার নতুন ভিসা নীতির ফলে ভারতীয় পর্যটক, ব্যবসায়ী ও ট্রানজিট যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় আগাম প্রস্তুতি এবং ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।


মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।