
পর্যটন সংবাদ ডেস্ক : বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্স বিভাগের উপপরিচালক (বাইল্যাটেরাল নেগোসিয়েশন) মো. ওয়াদিদুজ্জামান শনিবার ভোর সাড়ে চারটায় ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
কিডনি প্রতিস্থাপন অস্ত্রোপচারের পর সুস্থতার দিকে অগ্রসর হওয়ার সময় তাঁর এই আকস্মিক মৃত্যুতে বেবিচক পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ কাউছার মাহমুদ জানিয়েছেন, কর্তৃপক্ষের পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। একইসঙ্গে মহান আল্লাহর দরবারে তাঁর রুহের মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি প্রদানের জন্য দোয়া করা হয়েছে।
মো. ওয়াদিদুজ্জামান বেসামরিক বিমান চলাচল খাতে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছিলেন এবং বাইল্যাটেরাল নেগোসিয়েশনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছিলেন। তাঁর মৃত্যুতে বিমান চলাচল সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।


