০৫/০৫/২০২৬
২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হান্টাভাইরাসে আক্রান্ত প্রমোদতরীতে তিনজনের মৃত্যু, একজন নিবিড় পরিচর্যায়

পর্যটন সংবাদ ডেস্ক : আটলান্টিক মহাসাগরে একটি প্রমোদতরীতে হান্টাভাইরাসের সম্ভাব্য প্রাদুর্ভাবে তিনজন যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

রবিবার ডব্লিউএইচও জানায়, আর্জেন্টিনার উশুয়াইয়া থেকে কেপ ভার্দের উদ্দেশ্যে যাত্রা করা এমভি হন্ডিয়াস জাহাজে এই ঘটনা ঘটে। জাহাজে একজনের হান্টাভাইরাস সংক্রমণ নিশ্চিত হয়েছে এবং আরও পাঁচজন সন্দেহভাজন রয়েছেন। আক্রান্ত ছয়জনের মধ্যে তিনজন মারা গেছেন। একজন বর্তমানে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন।

প্রথম মৃত্যুর শিকার ৭০ বছর বয়সী এক যাত্রী জাহাজেই মারা যান। তার মরদেহ ব্রিটিশ শাসিত সেন্ট হেলেনা দ্বীপে রাখা হয়েছে। তার ৬৯ বছর বয়সী স্ত্রী অসুস্থ অবস্থায় দক্ষিণ আফ্রিকায় নিয়ে যাওয়ার পর সেখানকার হাসপাতালে মারা যান। তৃতীয় মৃত্যুর শিকার ৬৯ বছর বয়সী এক ব্রিটিশ নাগরিকও জোহানেসবার্গে চিকিৎসাধীন ছিলেন।

দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হান্টাভাইরাস রক্তক্ষরণজনিত জ্বরসহ গুরুতর শ্বাসযন্ত্রের সমস্যা সৃষ্টি করতে পারে। এটি সাধারণত সংক্রমিত ইঁদুরের মূত্র, মল বা লালার সংস্পর্শে ছড়ায়। তবে বিরল হলেও মানুষ থেকে মানুষে সংক্রমণ সম্ভব।

জাহাজটি নেদারল্যান্ডস-ভিত্তিক ওশানওয়াইড এক্সপেডিশনস কোম্পানির পরিচালিত মেরু অঞ্চলের ক্রুজ জাহাজ। এতে প্রায় ১৭০ জন যাত্রী ও ৭০ জন নাবিক রয়েছেন। বর্তমানে জাহাজটি কেপ ভার্দের প্রাইয়া বন্দরের কাছে অবস্থান করছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. টেড্রোস আধানম গেব্রেয়াসুস বলেছেন, সংস্থাটি জাহাজ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সমন্বয় করে ঝুঁকি মূল্যায়ন ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে।

সূত্র: ফ্রান্স২৪/এএফপি

Read Previous

টাঙ্গাইল পৌর উদ্যানে বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যে অবমাননা: পর্যটকদের আকর্ষণ কেন্দ্রে উদ্বেগ

Read Next

হজযাত্রীদের জন্য স্বস্তির খবর: ফ্লাইট মিস করলে বিমান ভাড়া ফেরত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular