২০/০৬/২০২৬
৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকারের ১৬ অধ্যাদেশ বাতিলের পথে, সংসদীয় কমিটির সুপারিশে নতুন করে যাচাই-বাছাইয়ের প্রস্তাব

পর্যটন সংবাদ ডেস্ক : জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১৬টি নির্ধারিত সময়সীমার মধ্যে উত্থাপিত না হওয়ায় সংবিধান অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাচ্ছে। গণভোট, গুম প্রতিরোধ, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশনসহ গুরুত্বপূর্ণ এসব অধ্যাদেশ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। তবে সংসদের বিশেষ কমিটি এগুলোকে আরও গভীর যাচাই-বাছাই করে অধিকতর শক্তিশালী নতুন বিল আকারে পরবর্তী সময়ে উত্থাপনের সুপারিশ করেছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বিশেষ কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. জয়নুল আবেদীন এই প্রতিবেদন উত্থাপন করেন। কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, তামাদির তালিকায় থাকা ১৬টি অধ্যাদেশের মধ্যে ১২টিতে জামায়াতে ইসলামীর তিন সংসদ সদস্য—অধ্যাপক মুজিবুর রহমান, মাওলানা রফিকুল ইসলাম খান ও গাজী নজরুল ইসলাম ‘নোট অব ডিসেন্ট’ (ভিন্নমত) দিয়েছেন। বিরোধীদলীয় এই সদস্যরা সব মিলিয়ে ১৫টি বিলের ওপর ভিন্নমত প্রকাশ করেছেন।

যে ১৬টি অধ্যাদেশ বাতিল হচ্ছে এবং পরবর্তীতে নতুন বিল আকারে উত্থাপনের সুপারিশ করা হয়েছে:
১. গণভোট অধ্যাদেশ-২০২৫
২. জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ-২০২৫
৩. রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ-২০২৫
৪. রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা (সংশোধন) অধ্যাদেশ-২০২৫
৫. মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ-২০২৫
৬. কাস্টমস (সংশোধন) অধ্যাদেশ-২০২৫
৭. আয়কর (সংশোধন) অধ্যাদেশ-২০২৫
৮. জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ-২০২৫
৯. গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ-২০২৫
১০. জাতীয় মানবাধিকার কমিশন (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ-২০২৫
১১. দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ-২০২৫
১২. বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ-২০২৬
১৩. বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ-২০২৬
১৪. গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধন) অধ্যাদেশ-২০২৫
১৫. মাইক্রো ফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ-২০২৬
১৬. তথ্য অধিকার (সংশোধন) অধ্যাদেশ-২০২৬

কমিটি চারটি অধ্যাদেশকে অবিলম্বে বিল আকারে উত্থাপনের সুপারিশ করেছে। এগুলো হলো— জাতীয় সংসদ সচিবালয় (অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান) অধ্যাদেশ-২০২৪, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ-২০২৫, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ-২০২৫ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ-২০২৬।

এছাড়া ১৫টি অধ্যাদেশকে সংশোধিত আকারে পাসের জন্য সুপারিশ করা হয়েছে, যার মধ্যে রয়েছে নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন), পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন), ব্যাংক রেজুলেশন, সন্ত্রাসবিরোধী (সংশোধন), শ্রম (সংশোধন), পুলিশ কমিশন, মানব পাচার প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আইন।

সংসদীয় কমিটির এই সুপারিশের ফলে বাতিল হতে যাওয়া ১৬টি অধ্যাদেশের মূল উদ্দেশ্যগুলো নতুন আইনি রূপে সংসদে ফিরে আসার সুযোগ তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, সংসদ কত দ্রুত এসব সুপারিশ বাস্তবায়ন করে এবং বিরোধীদের উত্থাপিত ভিন্নমত কীভাবে বিবেচনা করে।

Read Previous

এইচএসআইএ-র তৃতীয় টার্মিনাল চুক্তি চূড়ান্তের পথে: আগামীকাল উচ্চপর্যায়ের বৈঠক, মিল্লাত আশাবাদী

Read Next

২০২৬ সালে নারীদের একা বিদেশ ভ্রমণ: নিরাপদ ও নারীবান্ধব পাঁচটি দেশের সম্পূর্ণ গাইড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular