তুরস্কের সিনদিরগিতে আবারও ৬.১ মাত্রার ভূমিকম্প, হতাহতের খবর নেই

আবারো ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা ভূমিকম্প

ফাইল ছবি

পর্যটন সংবাদ ডেস্ক : তুরস্কের পশ্চিমাঞ্চলীয় সিনদিরগি শহরে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার রাত পৌনে ১১টার দিকে হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১। তিন মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার কেঁপে উঠল শহরটি।

তুরস্কের জরুরি ব্যবস্থাপনা সংস্থা এএফএডি জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিনদিরগি অঞ্চলের পাহাড়ি এলাকায়। কম্পন অনুভূত হয় দেশটির অর্থনৈতিক রাজধানী ইস্তাম্বুল এবং জনপ্রিয় পর্যটন নগরী ইজমির পর্যন্ত।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া জানিয়েছেন, ভূমিকম্পের পর নিরাপত্তাজনিত কারণে তিনটি ভবন ও একটি দোকান থেকে মানুষ সরিয়ে নেওয়া হয়। কিছুক্ষণ পর ওই ভবনগুলো ধসে পড়ে, তবে এতে কেউ হতাহত হননি।

এর আগে গত ১০ আগস্ট একই এলাকায় সমান মাত্রার আরেকটি ভূমিকম্পে একজন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছিলেন। সিনদিরগি শহরটি ইজমির থেকে প্রায় ১৩৮ কিলোমিটার দূরে অবস্থিত।

তুরস্ক ইউরেশীয় ও আনাতোলিয়ান টেকটোনিক ফল্ট লাইনের ওপর অবস্থান করায় দেশটি প্রায়ই ভূমিকম্পের ঝুঁকিতে থাকে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ভয়াবহ এক ভূমিকম্পে দেশজুড়ে অন্তত ৫৩ হাজার মানুষ প্রাণ হারান এবং রাজধানী আঙ্কারাসহ বহু এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। চলতি বছরের জুলাইয়ের শুরুতেও ৫ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্পে একজন নিহত ও ৬৯ জন আহত হয়েছিলেন।

বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক ধারাবাহিক ভূমিকম্প তুরস্কের পশ্চিমাঞ্চলে সক্রিয় ফল্ট লাইনের চাপ বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য যাচাই করছে।

Read Previous

সিলেটের সাত এলাকায় আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

Read Next

পর্যটন খরচে নাকাল ভ্রমণপ্রেমীরা: পার্শ্ববর্তী দেশের চেয়ে দ্বিগুণ ব্যয় বাংলাদেশে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular