
মুন্সীগঞ্জ প্রতিনিধি। পর্যটন সংবাদ: মুন্সীগঞ্জ সদর ও টংগিবাড়ী উপজেলায় নেশাজাতীয় দ্রব্য পান করে অন্তত চার জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে ওই দ্রব্য পান করার পর শুক্রবার দিনের বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতদের মধ্যে রয়েছেন—টংগিবাড়ী উপজেলার কে শিমুলিয়া ইউনিয়নের কাঠাদিয়া গ্রামের শাহেদ আলী ব্যাপারীর ছেলে বাচ্চু বেপারী, একই এলাকার আবু মুন্সীর ছেলে ইব্রাহিম মুন্সী এবং মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালি ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকার হোসেন ডাক্তার। চতুর্থ মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।
আহতরা হলেন রহমত উল্লাহ, আলআমিন ও সিজান।
টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিদুল ইসলাম বলেন, “আমরা প্রাথমিকভাবে তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি। তারা ‘হোমিও’ নামের কোনো নেশাজাতীয় দ্রব্য পান করেছিলেন বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে।”
টংগিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান জানান, নিহতদের মধ্যে সদর উপজেলার দুইজন ও টংগিবাড়ী উপজেলার দুইজন রয়েছেন। তাদের বিস্তারিত পরিচয় সংগ্রহের কাজ চলছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান জানান, নিহতের সংখ্যা চারজন। তবে তিনজনের পরিচয় শনাক্ত হলেও একজনের নাম এখনও নিশ্চিত করা যায়নি।



