একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায় আজ

পর্যটন সংবাদ ডেস্ক: ২০০৪ সালের একুশে আগস্টের সেই মর্মান্তিক গ্রেনেড হামলার মামলার আপিলের রায় আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঘোষণা করা হবে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় সদস্যের আপিল বেঞ্চে কার্যতালিকার এক নম্বরেই রাখা হয়েছে এ মামলাটি।

গত বছরের ১ ডিসেম্বর হাইকোর্টের দেয়া রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দেন আদালত। এরপর চলতি বছরের ১৯ মার্চ রাষ্ট্রপক্ষ সেই রায়ের বিরুদ্ধে আপিল করে।

আইনজীবীদের একটি অংশের আশা, হাইকোর্টের দেওয়া খালাস বহাল থাকবে; অন্যদিকে রাষ্ট্রপক্ষ বলছে, নৃশংস ওই ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করতে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে চালানো গ্রেনেড হামলায় ২৪ জন নিহত হন, আহত হন শতাধিক। পরে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা হয়। ২০১৮ সালে বিচারিক আদালতের রায়ে ১৯ জনের মৃত্যুদণ্ড, তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন ও আরও ১১ জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছিল। তবে হাইকোর্টে এসে সবাই খালাস পান।

আজকের আপিল বিভাগের রায়কে কেন্দ্র করে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরে দৃষ্টি নিবদ্ধ রয়েছে।

Read Previous

গাজীপুরের চান্দনা চৌরাস্তার কাঁচাবাজারে ভয়াবহ আগুন

Read Next

বঙ্গোপসাগরে লঘুচাপ, পর্যটন এলাকায় বৃষ্টির শঙ্কা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular